© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

শেয়ার করুন:
ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ০১ জুন, ২০২৬
টেস্ট ক্রিকেটে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়।

তবে আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা আলোকস্বল্পতার কারণে ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে।

প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে আজ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে যেন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট না হয়, এ জন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসঙ্গে অর্থায়ন করবে।

ক্রিকেটের নিয়মে আরো কিছু সংযোজন ও সংশোধন করেছে আইসিসি। এর মধ্যে একটি হচ্ছে পানি পানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালুর অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোরও সিদ্ধান্ত হয়েছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর ও দ্বিতীয় ইনিংস শুরুর আগে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। নতুন নিয়মে বিরতি দেওয়া হবে ১৫ মিনিট।

টেস্টে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সেখানে খেলা না থামিয়ে ওভার শেষ করারও সিদ্ধান্ত এসেছে।

নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সভায়।



২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাংকিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিনিধি পাঠানোর কথাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি বিসিবি নির্বাচন এবং বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কীভাবে সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে আহমেদাবাদের সভায়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর।

আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটের নতুন নিয়ম কার্যকর হবে।

টিজে/টিকে 

মন্তব্য করুন