© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শেয়ার করুন:
দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ০১ জুন, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণার প্রতিবাদে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি’র নেতাকর্মীরা।

সোমবার বিকেলে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে পড়ে। ঘণ্টাখানেক পর সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সড়ক ছাড়েন দলীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, শুধুমাত্র শারীরিক সমস্যার কারণে পদত্যাগ করেছেন এ কথাটি কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। নির্বাচনের আগেও ৩১ দফা নিয়ে তিনি পাহাড়ের দুর্গম এলাকায় প্রচারণা করেছেন, নির্বাচন করেছেন। দেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর তিনি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। নানা চাপ ও মন্ত্রণালয়ে কাজের স্বাধীনতা ছিল না বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ বাস্তবায়নের জন্য দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহাল রাখাতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান নেতাকর্মীরা।’

জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির বলেন, ‘যে অসুস্থতার কথা বলা হচ্ছে সেটি মাত্র অজুহাত। আমরা মনে করি মন্ত্রণালয়ে কাজের ক্ষেত্রে নানা সমস্যা থাকতে পারে। মন্ত্রণালয়ে কাজের যে স্বাধীনতা সেই স্বাধীনতা না থাকায় পদত্যাগ করতে পারেন।’

জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বলেন, ‘বিএনপি’র ৩১ দফা ও শহীদ জিয়া’র ১৯ দফা বাস্তবায়নের জন্য পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছেন দীপেন দেওয়ান। ওনার মতো লোক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে পারেন, এটা আমরা কেউই মনে করি না। আমাদের মনে হয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যার কারণে পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘রাঙ্গামাটির বিএনপি’র নেতাকর্মীরা বিশ্বাস করেন উনার পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নিবেন।’

দীপেন দেওয়ান ২০০৬ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন