© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির ২০২ নম্বর রুম ও আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপের রহস্যময় যোগসূত্র

শেয়ার করুন:
মেসির ২০২ নম্বর রুম ও আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপের রহস্যময় যোগসূত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ এএম | ০২ জুন, ২০২৬
বিশ্বকাপের মতো মঞ্চে শুধু পায়ের জাদু কিংবা নিখুঁত রণকৌশলই যথেষ্ট নয়, ট্রফি ছুঁয়ে দেখতে কখনও কখনও দরকার হয় ভাগ্যের ছোঁয়াও। ফুটবল রোমান্টিকরা তাই অনেক সময় মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যের অদ্ভুত সব কাকতালীয় হিসেবও মেলাতে ভালোবাসেন। চার বছর আগে কাতারের মরুদ্যানে লিওনেল মেসি যখন সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরে ফুটবলকে পূর্ণতা দিয়েছিলেন, তার নেপথ্যেও ছিল এক অন্য রকম গাণিতিক হিসেব। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের আঙিনায় পা রেখে আরও একবার আর্জেন্টিনার সেই 'ভাগ্যের চাকা' সচল হওয়ার গুঞ্জন উঠেছে, যার সূত্রপাত খোদ আলবিসেলেস্তা অধিনায়ককে ঘিরেই।

আর্জেন্টিনা ফুটবল দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। কানসাসের ট্রেইনিং ক্যাম্পে এবারও দলের কোনো সতীর্থের সঙ্গে রুম শেয়ার করবেন না আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এবার ‘এলএমটেন’ থাকছেন ২০২ নম্বর রুমে। কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর রুমে; আর সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির এই রুম নম্বর নিয়ে ভক্তদের মাঝে এক প্রকার ‘কুসংস্কারের’ উন্মাদনা তৈরি হয়েছিল।

এবারেরবিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল কানসাসে আস্তানা গাড়ার পর থেকেই পর্দার পেছনের এমন সব ছোট ছোট গল্প সামনে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম আকর্ষণীয় গল্পটি আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েই। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের নেপথ্যে মেসির যে বিশেষ অভ্যাসটি সঙ্গী হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না—ক্যাম্পে তিনি একাই একটি রুমে থাকছেন।



মেসির রুম নম্বর ও এক কাকতালীয় হিসেব

আর্জেন্টিনা ক্যাম্পের এই নতুন নিয়ম ছাপিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে এখন অন্য একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে—তা হলো মেসির রুম নম্বর।

কাতার বিশ্বকাপে রোজারিওর মহাতারকা মেসি ছিলেন ২০১ নম্বর রুমে। সে সময় অনেক সমর্থক এই নম্বরের এক অদ্ভুত ও চমৎকার ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। তাদের দাবি ছিল, '২+১' যোগ করলে হয় ৩—যা প্রতীকীভাবে আর্জেন্টিনার ‘তৃতীয় বিশ্বকাপ’ জয়ের ইঙ্গিত দিচ্ছিল; এবং কাকতালীয়ভাবে সপ্তাহখানেক পর আর্জেন্টিনা সত্যিই বিশ্বচ্যাম্পিয়ন হয়।

এবার কানসাসের ক্যাম্পে মেসি থাকছেন ২০২ নম্বর রুমে। এই নম্বরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে নতুন জল্পনা-কল্পনা ও রসিকতার ঝড় উঠেছে। সমর্থকরা খুব দ্রুতই হিসাব কষে ফেলেছেন যে, এবার '২+২' যোগ করলে হয় ৪—যা কি না আর্জেন্টিনার সম্ভাব্য ‘চতুর্থ বিশ্বকাপ’ জয়ের দিকেই ইশারা করছে!

স্বাভাবিকভাবেই, কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও ফুটবলপ্রেমীদের ইঙ্গিত এটি হয়তো কোনো এক ধরণের কুসংস্কার বা টোটকা। আর্জেন্টিনা দল তাদের সাম্প্রতিক সব সাফল্যই বিভিন্ন আচার-অনুষ্ঠান, তাবিজ-কবজ বা দলের ভেতরের ছোট ছোট প্রথাকে ঘিরে উদযাপন করেছে, তাদের কাছে এই রুম নম্বরের বিষয়টি মোটেও এড়িয়ে যাওয়ার মতো নয়।

বিশ্বকাপ অভিষেকের বাকি আর মাত্র দিনকয়েক। মেসিও মজেছেন তার চেনা রুটিনে—ক্যাম্পের নিভৃত কোণে নিজের মতো থাকা। তবে এবার তাঁর দরজায় ঝুলছে এমন এক নম্বর, আলবিসেলেস্তে সমর্থকদের মনে যা জাগিয়ে দিচ্ছে বিশ্বজয়ের আরও এক মধুর পূর্বাভাস!

একেএস/ টিএ

মন্তব্য করুন