তোমাকে সবাই ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্পের ধমক!
ছবি: সংগৃহীত
০৯:৪৮ এএম | ০২ জুন, ২০২৬
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সাম্প্রতিক ফোনালাপটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। দুই নেতার ফোনালাপ সম্পর্কে অবগত সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, সোমবারের ওই আলাপে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লেবাননে সামরিক তৎপরতা কমিয়ে আনার জন্য বড় ধরনের চাপ দেন।
ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি করার জন্য ট্রাম্প যে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছেন, ইসরায়েলের এই সম্ভাব্য অভিযান তা নষ্ট করে দিতে পারে, এমন আশঙ্কা থেকেই মূলত ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, লেবাননে ইসরায়েলের পরিকল্পিত হামলার বিষয়ে নিজের তীব্র অসম্মতি বোঝাতে গিয়ে ট্রাম্প ফোনালাপে বেশ কড়া ভাষা ব্যবহার করেন এবং একপর্যায়ে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, 'এখন সবাই তোমাকে ঘৃণা করে।'
আলাপের একপর্যায়ে ট্রাম্প অতীতে নেতানিয়াহুকে দেওয়া তাঁর বিভিন্ন রাজনৈতিক সমর্থনের কথা মনে করিয়ে দেন এবং সতর্ক করেন যে, লেবাননে এভাবে বোমা হামলা চালালে ইসরায়েল বিশ্বজুড়ে আরও বেশি একা বা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই ফোনালাপের উত্তপ্ত পরিস্থিতির বিষয়টি প্রথমে সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-এ প্রকাশিত হলেও, এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল-এ একে একটি 'ফলপ্রসূ আলোচনা বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বন্ধ করতে রাজি হয়েছে এবং ইসরায়েলি সৈন্যরা বৈরুতের দিকে যাবে না। তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে নেতানিয়াহু নিজের দেওয়া বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
টিজে/টিকে