© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালির স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, পরিধি বাড়ল স্পন্সরের

শেয়ার করুন:
ইতালির স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, পরিধি বাড়ল স্পন্সরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ০২ জুন, ২০২৬
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, নতুন এই নিয়মে শিক্ষার্থীদের আবেদন, স্পন্সরশিপ এবং ভাষাগত দক্ষতার বিষয়গুলো আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট করা হয়েছে। সোমবার (০১ জুন) ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিভার্সিটালি পোর্টালে সফলভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের আলাদা করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পোর্টালে যে ই-মেইল ঠিকানাটি ব্যবহার করেছেন, সেই একই ই-মেইলে ভিএফএস গ্লোবাল সরাসরি যোগাযোগ করবে। এরপর ভিএফএস-এর পক্ষ থেকেই আবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও সময় (অ্যাপয়েন্টমেন্ট) জানিয়ে দেওয়া হবে।

আর্থিক গ্যারান্টর বা স্পন্সরশিপের ক্ষেত্রে এবার বড় ধরনের শিথিলতা এনেছে ইতালি দূতাবাস। সাধারণত কেবল বাবা-মায়ের স্পন্সরশিপ গ্রহণযোগ্য হতো। তবে বর্তমানে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং ফার্স্ট কাজিনরাও (চাতাতো/মামাতো/খালাতো/ফুফাতো ভাই-বোন) শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন। এ ছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত আত্মীয়রাও এখন থেকে শিক্ষার্থীদের আর্থিক গ্যারান্টর হতে পারবেন।

স্পন্সরশিপে ছাড় দেওয়া হলেও ভাষাগত দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেকোনো সাধারণ সার্টিফিকেট এবার গ্রহণযোগ্য হবে না। কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ভাষার সার্টিফিকেট (যেমন- IELTS/CELI) গ্রহণ করা হবে। সার্টিফিকেটে শিক্ষার্থীর মৌখিক, লিখিত, শ্রবণ ও কথোপকথনের  দক্ষতার বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অধ্যয়নের সত্যতা প্রমাণ হিসেবে সিআইএমইএ বা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (ডিওভি) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাক-তালিকাভুক্তির পর স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই নির্দেশনার ফলে ইতালির ভিসা আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি গোছানো ও দালালমুক্ত হবে। তবে ভাষা ও প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত কিছুটা কঠোর হওয়ায় শিক্ষার্থীদের এখন থেকেই ডকুমেন্টেশনের বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে।

আরআই/টিকে

মন্তব্য করুন