© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধ!

শেয়ার করুন:
মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ০২ জুন, ২০২৬
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে সোমবার (১ জুন) থেকে নতুন নিয়ম কার্যকর শুরু করেছে মালয়েশিয়া।

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার বৈশ্বিক প্রচেষ্টায় শরিক হয়ে দেশটি এই পদক্ষেপ নিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, মালয়েশিয়ায় কমপক্ষে ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এমন সামাজিক মাধ্যমগুলোকে, যেমন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব বাধ্যতামূলকভাবে বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে এবং ১৬ বছরের কম বয়সীদের নতুন অ্যাকাউন্ট তৈরি ব্লক করতে হবে।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়াটি আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

এই প্রক্রিয়ায় যেসব ব্যবহারকারীর বয়স ১৬ বছরের কম হিসেবে চিহ্ণিত হবে, তাদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ বা স্থগিত করার আগে ছবি ও ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা স্থানান্তর করার জন্য এক মাস সময় দেওয়া হবে।

এই নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১ কোটি রিঙ্গিত (প্রায় ২৫ লাখ ডলার) জরিমানা করা হতে পারে। তবে কোনো শিশু যদি এই আইন ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট খোলে, সে ক্ষেত্রে তাদের পিতামাতাকে জরিমানা করা হবে না।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং এবং অতিরিক্ত আসক্তি তৈরি করে, এমন ফিচার থেকে শিশুদের সুরক্ষার্থেই এই পদক্ষেপ। মালয়েশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে এই ধরনের বয়সভিত্তিক নিষেধাজ্ঞা চালু বা ঘোষণা করেছে এবং ব্রিটেন, ফ্রান্স, স্পেনসহ বেশ কিছু দেশ এমন পদক্ষেপের বিষয়ে সমীক্ষা চালাচ্ছে।

নতুন এই নিয়ম নিয়ে মালয়েশিয়ার পরিবারগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুয়ালালামপুরের এক দম্পতি, যাদের সন্তানদের বয়স ১২ ও ১৫ বছর, তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যমের মানসিক চাপ সামলানোর ক্ষমতা থাকে না। অন্যদিকে, চেরাস উপশহরের বাসিন্দা শন হিউ মনে করেন এই নিষেধাজ্ঞা অতিরিক্ত কঠোর। তিনি জানান, বড়দের সঠিক নজরদারি থাকলে সামাজিক মাধ্যম থেকে শিশুরা পড়াশোনা বা রান্নার মতো দরকারি জিনিসও শিখতে পারে; হঠাৎ এটি বন্ধ করে দিলে কিশোর-কিশোরীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার পাবলিক পলিসি ডিরেক্টর ক্লারা কোহ সতর্ক করে বলেছেন, ১৬ বছরের কম বয়সীদের ওপর ঢালাও এই নিষেধাজ্ঞা উল্টো ফল আনতে পারে। এর ফলে কিশোর-কিশোরীরা নিরাপদ অ্যাপগুলো ছেড়ে ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক কোণগুলোতে চলে যেতে পারে। এ ছাড়া সমালোচক ও বিশেষজ্ঞরা এই নিয়মে বয়স যাচাইয়ের জন্য সরকারি পরিচয়পত্র (আইডি) ব্যবহারের বাধ্যবাধকতা নিয়ে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং রাষ্ট্রীয় নজরদারির ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: এপি নিউজ

এফআর/টিকে


মন্তব্য করুন