রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত
১০:৩১ এএম | ০২ জুন, ২০২৬
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
এ বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনও চক্র, প্রতিষ্ঠান, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।
কোনও এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাতকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশগমনেচ্ছু নাগরিকদের যেকোনও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্ত যথাযথভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে।
টিজে/টিকে