বিশ্বে দূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার খবর কী?
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ০২ জুন, ২০২৬
নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা কমই থাকছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে থাকা ঢাকার স্কোর ৯৩।
গত সোমবার ছিল ৮০। বায়ুমানের এই স্কোরগুলো শহরটির জন্য মোটামুটি ভালো বলে গণ্য করা হয়। ফলে আজও মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা ওঠানাম করতে পারে।
তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনসাসা। টানা কয়েকদিন ধরে প্রথমে থাকা এই শহরের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত করা হয়। অন্যদিকে, বায়ুমানের স্কোর হিসেবে একই অবস্থায় রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা চিলির শান্তিয়াগো ও চীনের উহান। তবে চীনের আরও দুটি শহর বেইজিং ও হাংজুর বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। শহর দুটির বায়ুমানের স্কোর ১১৯ ও ১০৭।
১৪০ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দেশটির আরেকটি শহর ১১৭ স্কোর নিয়ে নবম তালিকায় রয়েছে। শহর দুটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ৪১তম অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর ৬২, যা মোটামুটি ভালো।
তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৩২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর করাচির স্কোর ৮২।
সংবদেনশীল গোষ্ঠীর বাতাস অস্বাস্থ্যকর, তালিকায় এমন আরও কয়েকটি শহর রয়েছে। এগুলো হলো- ইন্দোনেশিয়ার জাকার্তা, নেপালের কাঠমান্ডু।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
এফআর/টিকে