© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

শেয়ার করুন:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ০২ জুন, ২০২৬
পুরোনো পেশা শিক্ষকতায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এবার উচ্চশিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সাবেক এই উপদেষ্টা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান তার শিক্ষকতায় ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে লেখেন, “আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।

আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।” তিনি আরো উল্লেখ করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি দেশের আরেকটি বেসরকারি উচ্চ শিক্ষালয় ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ (ইউআইউ)-তে পাঠদান করতেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাবেক এই সচিব জানান, তিনি শুধু ক্লাসরুমের পাঠদানেই সীমাবদ্ধ থাকছেন না, বরং বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দেবেন। তিনি লিখেছেন, “আমার নতুন কর্মস্থল ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”

মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং সরকারের সাবেক সচিব।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবিB), জাইকা এবং ইউএনডিপির মতো বিশ্বখ্যাত সংস্থায় গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপনায় ফেরার আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

টিকে/

মন্তব্য করুন