ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎসন্তানদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই : ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত
০৬:৩০ পিএম | ০২ জুন, ২০২৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া।
সাক্ষাৎকালে তারা শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় ডেপুটি স্পিকার সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
তিনি আরো বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে বক্তব্য রাখার জন্য সংসদ সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজনের মাধ্যমে একটি ফলপ্রসূ আলোচনা করা সম্ভব।
ইউনিসেফের স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।
তিনি আরো বলেন, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি নয়, বরং তার বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসএ/টিকে