সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী
ছবি: সংগৃহীত
০৭:১৩ পিএম | ০২ জুন, ২০২৬
বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ১১ দিনের সফরে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি এ সংক্রান্ত অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে।
রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সই করা চিঠিতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট ২০ থেকে ৩০ জুন পর্যন্ত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণ করবেন।
চিঠিতে এই সফরের অনুমতি দিয়ে সরকারি আদেশ ইস্যু করার আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাসিক জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমন্ত্রণ পাবার পর ফ্রান্স সফরের অনুমতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। এ সময় প্রস্তাবটি সরাসরি নাকচ করেন প্রধানমন্ত্রী।
এমআর/টিএ