© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭০

শেয়ার করুন:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ০২ জুন, ২০২৬
চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, ‘সোমবারের মিছিলের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে, গতকাল সোমবার সকাল ১১টার দিকে সিএমপি দামপাড়াস্থ সদর দপ্তরের কয়েকশ গজ দূরে জিইসি এলাকায় ছাত্রলীগের ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে অংশগ্রহণকারীদের কেউ কেউ জামা খুলে এবং কেউ কেউ পোশাক পরিবর্তন করে স্থান ত্যাগ করছে।
এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সিএমপিতে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান। তাদের দাবি, ছাত্রলীগ এতদিন সাগর পাড়ের মতো নির্জন জায়গায় মিছিল করলেও পুলিশের অসতর্কতার সুযোগে এবার তারা জিইসির মতো ব্যস্ততম জায়গায় মিছিল করেছে।

এ ঘটনায় সিএমপি কমিশনার ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এসএ/টিএ

মন্তব্য করুন