প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ছবি: সংগৃহীত
০১:২৮ এএম | ০৩ জুন, ২০২৬
কল্পনা করুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ একদল মৌমাছি এসে আপনার শরীরের বিশেষ একটি অংশে বাসা বেঁধেছে! ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও ২৫ বছর বয়সী এক যুবকের জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতাই ঘটেছে। ‘ভয়ংকর ৩০ মিনিট’ শিরোনামে এই ঘটনাটির ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
ভারতীয় একটি গণমাধ্যমের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গ্যারেজে যাওয়ার সময় হঠাৎ করেই একটি রানি মৌমাছি উড়ে এসে ভেরেল নামের ওই যুবকের প্যান্টের ওপর বসে। রানি মৌমাছির ফেরোমোন বা গন্ধের আকর্ষণে মুহূর্তের মধ্যে হাজার হাজার কর্মী মৌমাছি তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তার পশ্চাৎদেশকেই মৌমাছিরা তাদের নতুন ‘বাসা’ বা চাক হিসেবে বেছে নেয়।
এই পরিস্থিতিতে নড়াচড়া করা মানেই ছিল শয়ে শয়ে হুলের আক্রমণ এবং প্রাণহানির ঝুঁকি। কিন্তু ভেরেল অসীম ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে প্রায় ৩০ মিনিট একদম স্থির দাঁড়িয়ে ছিলেন। তার এই নিশ্চল অবস্থানের কারণে মৌমাছিরা তাকে আক্রমণ করেনি।
দীর্ঘ ৩০ মিনিট আতঙ্কে কাটানোর পর, অন্য এক ব্যক্তি খুব সাবধানে রানি মৌমাছিটিকে ধরে একটি পাত্রে বন্দি করতে সক্ষম হন। রানি মৌমাছিটিকে সরিয়ে নেওয়ার পরপরই চাক বাঁধতে থাকা হাজার হাজার মৌমাছি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ওই যুবক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পান।
গত সোমবার (১ জুন) ‘মিডিসারাসু’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পুনরায় শেয়ার করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে নেটিজেনরা অবাক হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে একজন মানুষের ৩০ মিনিট স্থির থাকার মানসিক ক্ষমতা অভাবনীয়। কেউ কেউ লিখেছেন, “একটু নড়লেই সব শেষ হয়ে যেত!”
ঘটনাটি গত বছরের আগস্ট মাসে প্রথম ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা সান’-এর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। সেই সময়ও এটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। যদিও বিরল, তবুও এমন ঘটনা প্রকৃতি ও প্রাণীর আচরণের এক বিস্ময়কর উদাহরণ হয়ে রয়ে গেছে।
এমআই/টিএ