© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আড়ালে থেকেই সক্রিয় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
আড়ালে থেকেই সক্রিয় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ এএম | ০৩ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।

একই সঙ্গে, তেহরান তাদের পরমাণু কর্মসূচির এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে, যা এর আগে সম্পূর্ণ অফ-লিমিটস বা আলোচনার বাইরে ছিল।

মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে সাক্ষ্য দেওয়ার সময় রুবিও এসব তথ্য জানান। গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তির পর বর্তমানে পর্দার আড়ালে আলোচনা চলছে।

গত যুদ্ধের প্রথম দিন মার্কিন বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে তিনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে গভীরভাব যুক্ত হচ্ছেন বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও সিনেট কমিটিকে বলেন, আমাদের কাছে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা প্রমাণ করে তিনি (মোজতবা খামেনি) ক্রমান্বয়ে রাষ্ট্রীয় বিষয়ে নিজের সম্পৃক্ততা বাড়াচ্ছেন। তবে তার সমস্ত যোগাযোগ ও নির্দেশনা এখন পর্যন্ত লিখিত আকারে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে।

মার্কিন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান পরিবর্তনকে। রুবিও আইনপ্রণেতাদের জানান, ইরান প্রশাসন তাদের পরমাণু কর্মসূচির এমন কিছু সংবেদনশীল দিক নিয়ে কথা বলতে রাজি হয়েছে, যা নিয়ে অতীতে কোনো ধরনের আলোচনার সুযোগই দিত না তেহরান।

এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সংশোধিত প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প এই প্রস্তাবের শর্তগুলো আরও কঠোর করেছেন।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর দেশটির আলোচনা প্রক্রিয়ার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি যাচাই-বাছাই করছে। গত কয়েকদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি।

ইরানি ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের খেলাফে-ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ এবং সাধারণ অবিশ্বাসের কারণে ইরান এই আলোচনা প্রক্রিয়ায় অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থান গ্রহণ করছে।
সূত্র: আল জাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন