© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাইক চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনা: মামার পর আহত ভাগনিরও মৃত্যু

শেয়ার করুন:
বাইক চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনা: মামার পর আহত ভাগনিরও মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ এএম | ০৩ জুন, ২০২৬
চাঁদপুরে ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র মো. ফজলে রাব্বি (২১) নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর তার ভাগনি ইশাতও (১৪) মারা গেছে।

মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে, বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। ইশাত তার আপন ভাগনি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি সপরিবারে থাকেন ঢাকার যাত্রাবাড়ীতে। ঈদ উপলক্ষ্যে মায়ের সঙ্গে মতলব নানা বাড়িতে বেড়াতে যায় ইশাত।

চাঁদপুরের মো. জসিম নামে এক অ্যাম্বুলেন্সচালক ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্সসহ তাকে থামান। জসিম তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আজ বিকেলে ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাগনি ইশাতকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমআই/টিএ

মন্তব্য করুন