সীমান্তে বিএসএফের কাঁটাতার বেড়া, সতর্ক অবস্থায় বিজিবি
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ০৩ জুন, ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ২৬ মে থেকে শুরু করে ১ জুন পর্যন্ত বিএসএফ সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নং পিলারের কাছে অন্তত ৫০ মিটার কাঁটাতারের বেড়া দিয়েছেন। তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।
জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা। তবে আইন লঙ্ঘন করে ২০২৫ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ২১ জানুয়ারি একই এলাকায় আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই ৩ দিনই বাধা প্রদান করেন বিজিবি। ফলে তারা সরে পড়তে বাধ্য হন।
এ অবস্থায় সীমান্ত এলাকা কিছুটা শান্ত থাকলেও আবারও ৩ মাসের ব্যবধানে বিএসএফ সদস্যরা এ দুঃসাহসিকতা দেখায়। ফলে আবারও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ধান কাটার এই ভরা মৌসুমে তারা সীমান্ত এলাকার জমিগুলোতে যেতে পারছেন না। এছাড়াও গরু ছাগলগুলো চড়াতেও পারছেন না।
সরেজমিনে বুধবার (৩ জুন) ভোরে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব-পিলার এলাকায় বিজিবি সদস্যরা কড়া পাহাড়া নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য জানা যায়নি।
টিজে/টিকে