ফেবারিটদের চেয়ে পিছিয়ে থাকা ব্রাজিলের জন্য ইতিবাচক হতে পারে: ক্যাসেমিরো
ছবি: সংগৃহীত
০৪:১১ পিএম | ০৩ জুন, ২০২৬
বিশ্বকাপ বাছাইপর্বে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। দল গুছিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময়ও পাননি গত বছর কোচের দায়িত্ব নেয়া কার্লো আনচেলত্তি। ফলে অনেকের চোখেই এবারের বিশ্বকাপে টপ ফেবারিটদের তুলনায় কিছুটা পিছিয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো মনে করেন, আসন্ন বিশ্বকাপে বড় ফেভারিটদের থেকে ‘এক ধাপ পিছিয়ে’ থাকা দলের জন্য বরং ইতিবাচক হতে পারে।
আগামী সপ্তাহে উত্তর আমেরিকায় শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল হলো একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং পাঁচবার শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। তবে গত ২৪ বছর ধরে তারা আর বিশ্বকাপ জিততে পারেনি।
এবারের আসরে বুকমেকাররা ব্রাজিলকে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নদের চেয়েও কিছুটা পিছিয়ে রাখছে।
ব্রাজিল দল যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসেমিরো ফিফার মিডিয়া চ্যানেলে বলেন, ‘আমরা বড় ফেভারিট নই।অবশ্যই আমরা ভালো ফর্মে আছি। আমাদের দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ আছে।'

তিনি আরও বলেন, ‘সম্ভবত এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু এটা আমাদের আরও সতর্ক ও প্রস্তুত রাখছে, এটা সবসময়ই ভালো বিষয়।’
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল ‘কঠিন সময়’ পার করেছে, কারণ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সভাপতি ও কোচ পরিবর্তন হয়েছে। নতুন কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ম্যানেজার পরিবর্তন, সভাপতি পরিবর্তন; সব মিলিয়ে এটি একটি কঠিন সময় ছিল। আমরা কোচের সঙ্গে মাত্র এক বছর কাজ করেছি, এবং বাস্তবে একসঙ্গে কাজ করেছি মাত্র ৪০ দিন। তবে আমি মনে করি আমরা টুর্নামেন্টে ভালো অবস্থাতেই যাব।’
তিনি আরও যোগ করেন, দলে অভিজ্ঞ, তরুণ এবং শক্তিশালী খেলোয়াড়দের ভালো সমন্বয় আছে।
ব্রাজিল গ্রুপ সি’তে তাদের অভিযান শুরু করবে ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।
এসকে/টিকে