বিশ্বকাপ ২০২৬বিনামূল্যে খেলা দেখাবে ‘লাইভমোড’ এবং ‘কেজটিভি’, সুযোগ নেই বাংলাদেশীদের
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ০৩ জুন, ২০২৬
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। এবার বিশ্বকাপে অন্যান্য দেশের তুলনায় ব্রাজিলের ভক্তরা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন। ইউটিউবে বিনামূল্যে খেলা দেখানোর ঘোষণা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা কোম্পানি ‘লাইভমোড’ এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’ দেশটিতে বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে।
তবে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বা ভারতের দর্শকরা ইউটিউবের এই সুবিধাটি নিতে পারবেন না।

ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে তারা।
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।
এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক ফুটবল ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—ঘরে বসে প্রিয় দলের খেলা কি সরাসরি দেখা যাবে? সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় এখনও কোনো নিশ্চিত ঘোষণা না আসায় সমর্থকদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ।
এসকে/টিকে