© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে না থাকা নিয়ে মুখ খুললেন ডি মারিয়া

শেয়ার করুন:
বিশ্বকাপে না থাকা নিয়ে মুখ খুললেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ এএম | ০৪ জুন, ২০২৬
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মাঝেই আর্জেন্টিনা জাতীয় দলে না থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আনহেল ডি মারিয়া। আলবিসেলেস্তাদের এই কিংবদন্তি স্বীকার করেছেন, তাঁকে ছাড়া যখন প্রথম দল ঘোষণা করা হয়েছিল, তখন তাঁর মনে ‘একটা অদ্ভুত অনুভূতি’ কাজ করছিল। তবে দলের প্রতি ভালোবাসা থেকে ফুটবল মহাযজ্ঞে আর্জেন্টিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।

২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে দেখা যাবে না, তবে আর্জেন্টিনা ফুটবল ও ভক্তরা এখনও তাঁকে মিস করছে। বিশ্বকাপ শুরুর আর মাত্র আট দিন বাকি। এদিকে আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে প্রতি ম্যাচেই দি মারিয়া যেভাবে নিজের পায়ের জাদু দেখাচ্ছেন, তাতে আর্জেন্টিনা দলে তাঁর অনুপস্থিতির বিষয়টি সামনে আসাটাই ছিল স্বাভাবিক।

‘ব্যালন ডি’অর’-এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া খুবই সততার সঙ্গে বিশ্বকাপে না থাকা নিয়ে কথা বলেছেন। অকপটে স্বীকার করেন, তাঁকে ছাড়া যখন প্রথম দল ঘোষণা করা হয়েছিল, তখন তাঁর কিছুটা খারাপ লাগছিল বা একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্তটি চূড়ান্ত এবং তিনি এটি আর বদলাবেন না।

এর পাশাপাশি দি মারিয়া এমন একটি সম্ভাবনার কথা জানিয়েছেন, যা আর্জেন্টিনা সমর্থকদের মুখে হাসি ফোটাতেই পারে। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপে (খেলা দেখতে) যেতে চাই। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।’



জাতীয় দল থেকে নিজের দূরত্ব বজায় রাখার এই পুরো প্রক্রিয়াটিকে দি মারিয়া বর্ণনা করেছেন অত্যন্ত নিখুঁতভাবে। দি মারিয়ার ভাষায়, ‘শুরুর প্রথম কয়েকটা দল ঘোষণার সময়, দলে না থাকার কারণে একটা অদ্ভুত অনুভূতি সত্যিই আমাকে তাড়া করছিল। তবে সেটা প্রথম এক-দুটি স্কোয়াড ঘোষণার সময়ই হয়েছিল, এরপর সব ঠিক হয়ে গেছে। আমি নিজেকে শান্ত করেছি, কারণ আমি জানতাম আমার সিদ্ধান্ত কী ছিল। আজ পর্যন্ত আমি আমার সেই সিদ্ধান্তেই অটল আছি।’

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ ম্যাচে ৩১ গোল করেছেন আনহেল দি মারিয়া। তবে কেবল সংখ্যা বা শুষ্ক পরিসংখ্যান দিয়ে রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক এই মহাতারকার মহাত্ব্য কখনো ফুটিয়ে তোলা সম্ভব নয়। তাঁর আসল মাহাত্ম্য লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর আর মহাকাব্যিক মুহূর্তগুলোতে।

আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে মারাকানার বুকে ব্রাজিলের বিপক্ষে সেই জাদুকরী চিপে করা গোল; কিংবা কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে আলবিসেলেস্তেদের জয়ে তাঁর অবিশ্বাস্য অবদান—এই অবিনশ্বর কীর্তিগুলোই তাঁকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখবে। তিনি ছিলেন এক রূপকথার জাদুকর; যিনি বড় মঞ্চে অবতীর্ণ হতেন ট্রফি খরা কাটানোর ‘ত্রাতা’ হয়ে।

দি মারিয়াকে ছাড়া বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামা আর্জেন্টিনার এবারের দল তরুণ আর অভিজ্ঞদের দারুণ এক মিশ্রণ আছে। এই দল নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে দি মারিয়া বেশ আশাবাদী। কোচ লিওনেল স্কালোনির ফুটবল দর্শনের সুরেই তিনি বলেন, ‘আমার মনে হয়, নতুন প্রজন্ম দলের অভিজ্ঞ ফুটবলারদের আরও চাঙ্গা করে তুলবে। তা ছাড়া অভিজ্ঞদের বয়সও তো এখন মাত্র ২৮ বা ২৯ বছর, তারা মোটেও বুড়ো হয়ে যায়নি। দলে একমাত্র লিওনেল মেসির জায়গাই নিশ্চিত। বাকিরা পারফর্ম করেই দলে জায়গা পাবে। আর এই নিয়মটা শুধু মুখে বলার জন্য স্কালোনি বলেননি, তিনি এটা কাজেও প্রমাণ করে দেখিয়েছেন।’

আর্জেন্টিনা দলের ভেতরের এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতাকে মূল্যায়ন করে ডি মারিয়া আরও যোগ করেন, ‘এখানে কেউই নিজের জায়গা নিশ্চিত ধরে নিতে পারে না। আর এটাই দলের প্রতিটি ক্যাম্পে, প্রতিটি অনুশীলন সেশনে শতভাগ প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে সাহায্য করে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৭ জুন বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। 

এমআই/টিএ

মন্তব্য করুন