© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

শেয়ার করুন:
বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ০৪ জুন, ২০২৬
১৯৬৬ সালের পর আর কখনো বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। ষাট বছর পর ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে থমাস টুখেলের দল।

তবে শিরোপার পথে তাদের জন্য অপেক্ষা করছে একের পর এক কঠিন পরীক্ষা।

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। কাগজে-কলমে গ্রুপটি তুলনামূলক সহজ মনে হলেও ক্রোয়েশিয়ার উপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছেই বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।

যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ইংল্যান্ড, তাহলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে বিভিন্ন গ্রুপের সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইভরি কোস্ট, ইকুয়েডর, উরুগুয়ে, নরওয়ে, সেনেগাল, অস্ট্রিয়া, আলজেরিয়া কিংবা কলম্বিয়ার মতো দল।



সেখান থেকে শেষ ষোলোতে উঠলে ইংল্যান্ডের সামনে আসতে পারে সহ-আয়োজক মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালে পৌঁছালে পথ আরো কঠিন হয়ে যাবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তাই এমন লড়াই হলে পুরনো হিসাব মেটানোর সুযোগও থাকবে।

অন্যদিকে ফাইনালে ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনকে টুর্নামেন্টের অন্যতম বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

তবে যদি ইংল্যান্ড গ্রুপে রানার্সআপ হয়, তাহলে চিত্র পুরোপুরি বদলে যাবে। সেক্ষেত্রে শেষ ৩২-এ কলম্বিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ পর্যায়েই তাদের খেলতে হতে পারে স্পেনের বিপক্ষে। অর্থাৎ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে না পারলে নকআউট পর্বের শুরুতেই বড় ধাক্কা খাওয়ার ঝুঁকি থাকবে।

বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কারণ তাতেই তুলনামূলক সুবিধাজনক পথ মিলতে পারে।

অন্যথায় স্পেন, বেলজিয়াম ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হতে ফাইনালে পৌঁছাতে হবে।

ষাট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে টুখেলের দলকে সম্ভবত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেনের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বাধা টপকাতে হবে।

এমআর/টিএ 

মন্তব্য করুন