পারিশ্রমিক ইস্যুতে মুম্বাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্যান্টনারের
ছবি: সংগৃহীত
১০:২৯ এএম | ০৪ জুন, ২০২৬
নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার অভিযোগ করেছেন, সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য তিনি চুক্তিবদ্ধ হলেও ফ্র্যাঞ্চাইজিটি তাকে নির্ধারিত পারিশ্রমিকের মাত্র অর্ধেক পরিশোধ করেছে। কাঁধের চোটে জর্জরিত হওয়ায় পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ১৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩৪ বছর বয়সী স্যান্টনারকে ২০২৫ সালের মেগা নিলামে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরে ২০২৬ মৌসুমের জন্যও তাকে ধরে রাখা হয়।
তবে চলতি বছরের আইপিএলে তিনি মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছিলেন। এই সময়ে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ২৬ রান করেন তিনি। এরপর দ্বিতীয়বার কাঁধে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যান।

বাঁ কাঁধে চোট পাওয়ার পর ধারণা করা হয়েছিল স্যান্টনারকে প্রায় ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় বৃহস্পতিবার (৪ জুন) থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পান তিনি।
এতে কিছু মহল থেকে অভিযোগ ওঠে যে স্যান্টনার নাকি আইপিএল ছাড়ার জন্য চোটের অজুহাত দেখিয়েছিলেন। তবে ‘গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে অংশ নিয়ে তিনি সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন এবং জানান, চোট নিয়ে খেলার পরও তিনি পূর্ণ পারিশ্রমিক পাননি।
স্যান্টনার বলেন, ‘তারা আমাকে মাত্র অর্ধেক টাকা দিয়েছে, এটা সত্যিই কষ্ট দিয়েছে।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় সন্তানের জন্মের কারণে প্রথম ম্যাচটি মিস করেছিলাম। এরপর সরাসরি বিমান থেকে নেমেই দিল্লির বিপক্ষে খেলি। তখন ডান কাঁধে চোট পাই এবং প্রায় এক সপ্তাহ বাইরে থাকতে হয়।
তিনি যোগ করেন, ‘কয়েক ম্যাচ পর ফিরে এসে এবার বাম কাঁধে চোট পেলাম এবং দেশে ফিরে যাই। অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে দুই কাঁধেই চোট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম দলের জন্য নিজের শরীর উজাড় করে দিয়েছি, কিন্তু মনে হয় সেটা যথেষ্ট ছিল না।
উল্লেখ্য, আইপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালে কোনো খেলোয়াড় চোট পেলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামে নির্ধারিত পুরো পারিশ্রমিকই পরিশোধ করতে হয়। তাই স্যান্টনারের এই অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
এফআর/টিকে