হেক্সা জিতে ব্রাজিলকে গর্বিত করতে চান থিয়াগো
ছবি: সংগৃহীত
১১:৩৯ এএম | ০৪ জুন, ২০২৬
ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলেন ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন এখন বাস্তব হলেও এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না ইগর থিয়াগো।
নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে বুধবার সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, বিশ্বকাপ দলে ডাক পাওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন।
তিনি বলেন, ‘যখন গ্রাঞ্জায় (জাতীয় দলের ক্যাম্পে) পৌঁছালাম, তখনো বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। এখনো অবাস্তব মনে হচ্ছে। জাতীয় দলের সঙ্গে এখানে থাকতে পেরে এবং বিশ্বকাপ খেলতে পেরে আমি খুবই আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি আমার সবচেয়ে বড় অর্জন। নিজের শহরে থাকাকালীন দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম। কিন্তু এখানে এসে যে অনুভূতি হচ্ছে, তা আমার কল্পনারও বাইরে।’
কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে আক্রমণভাগের অন্যতম বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছেন ইগর।
ফ্রান্সের বিপক্ষে অভিষেক ম্যাচে নজর কাড়ার পর ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষেও গোল করেছেন তিনি।
দলে নিজের ভূমিকা নিয়ে ইগর বলেন, ‘আমি একাদশে খেলি বা না খেলি, জাতীয় দলের জন্য সবসময় প্রস্তুত থাকতে চাই। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটাই আমার জন্য বিশাল গর্বের।’

ব্রেন্টফোর্ডের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান হিসেবে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
এর আগে রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ম্যাথিউস কুনহা যৌথভাবে সেই রেকর্ডের মালিক ছিলেন।
এবার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ইগর থিয়াগো। তার লক্ষ্য একটাই—ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিয়ে দেশের মানুষকে গর্বিত করা।
টিজে/টিএ