© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ দেখতে দুঃসাহসিক যাত্রা১০ মাস সাইকেল চালিয়ে ১৭টি দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত

শেয়ার করুন:
১০ মাস সাইকেল চালিয়ে ১৭টি দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ পিএম | ০৪ জুন, ২০২৬
প্রিয় দলকে সমর্থন দিতে ভক্ত-সমর্থকদের উন্মাদনার কোনো সীমা থাকে না। আর সেটা যদি হয় বিশ্বকাপ, তাহলে সেই আবেগ ছাপিয়ে যায় সবকিছু। আর্জেন্টিনার তিন সমর্থক যেমন অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন।

মাসের হিসেবে প্রায় ১০ মাস, দিনের হিসেবে প্রায় ৩০০ দিন ধরে সাইকেল চালিয়ে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা অবশেষে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের কানসাসে। যেখানে আসন্ন ফুটবল বিশ্বকাপের ক্যাম্প করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু প্রিয় দলের পাশে থাকার স্বপ্নেই ১৭টি দেশ পেরিয়ে এই দীর্ঘ ও দুঃসাহসিক যাত্রা তাদের।

মিগেল সিলিও, ভিসেন্তে কনকুলিনি ও ইয়ামানদু মার্তিনেজ—এই তিন সমর্থক গত বছরের আগস্টে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিলেন। তখনও জানা ছিল না ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বেস ক্যাম্প কোথায় হবে। তবুও স্বপ্ন ছিল একটাই—প্রিয় দলের পাশে থাকা।

প্রায় ১০ মাসের সেই অভিযানে তারা ১৭টি দেশ অতিক্রম করেছেন। শেষ পর্যন্ত কানসাসে পৌঁছে অবশ্য হতাশ হতে হয়নি। এরই মধ্যে দেখা পেয়ে গিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তার কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার।



তাপিয়া আবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রশংসা করে লিখেছেন, ‘এই রঙের জার্সির প্রতি এবং বিশেষ করে স্কালোনেতার প্রতি আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা ও উন্মাদনার কোনো সীমা নেই, কোনো সীমানা নেই। এই তিনজন তারই জীবন্ত উদাহরণ।’

যদিও যাত্রাপথ নানা বিপদ মোকাবিলা করতে হয়েছে তিন আর্জেন্টাইনকে। ইকুয়েডরের মাচালা অঞ্চলে কারাগার দাঙ্গার সময় সহিংস পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তারা। আবার কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাও খুব কাছ থেকে দেখেছেন।

তবে স্মরণীয় কিছু মুহূর্তও ছিল। যুক্তরাষ্ট্রের সান আন্তোনিওতে গিয়ে দেখা হয় আর্জেন্টিনার বাস্কেটবল কিংবদন্তি ইমানুয়েল জিনোবিলির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের পর তাদের আমন্ত্রণ জানান জিনোবিলি। একসঙ্গে কফি ও মাতে (আর্জেন্টিনার বিশেষ পানীয়) পান করে প্রায় দেড় ঘণ্টা কাটান তারা। তবে অভিযানের শেষ চ্যালেঞ্জ এখনো বাকি। সেটি বিশ্বকাপের টিকিট। ফিফার আনুষ্ঠানিক বিক্রিতে পাঁচবার চেষ্টা করেও টিকিট পাননি এই তিন সমর্থক।

স্থানীয় এক গণমাধ্যমকে কনকুলিনি বলেছেন, ‘পুনর্বিক্রয় বাজারে টিকিটের দাম খুব বেশি। আমরা আরও কয়েক দিন অপেক্ষা করব, তারপর কিনব। তবে প্রথম ম্যাচে আমাদের থাকতেই হবে।’ এখন দেখার বিষয়, হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা এই তিন সমর্থক শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে বসে দেখতে পারেন কি না।

টিজে/টিএ 

মন্তব্য করুন