অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন শন টেইট
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ০৪ জুন, ২০২৬
আর মাত্র দিন চারেক পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এ সিরিজের আগেই কিনা নাহিদ-মুস্তাফিজরা হারালো তাদের গুরুকে।
চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন সাবেক অজি তারকা শন টেইট। বৃহস্পতিবার (৪ জুন) নিজের পদত্যাগের বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন টেইট। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সরে দাঁড়িয়েছি।’
তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত বছরের মে মাসে পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর পরের গল্পটা সবার জানা। বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে আরও নিখুঁত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে তরুণ পেস তুর্কি নাহিদ রানাকে গড়ে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য। তার অধীনে একের পর এক সাফল্য উপহার দিয়ে গেছেন তাসকিনরা।
অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের আগে তার পদত্যাগ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। কারণ নিজ দেশ হওয়ায় তাদের সম্পর্কে কোচিং প্যানেলে সবচেয়ে বেশি ধারণা ছিল তারই। বাংলাদেশের আগে আফগানিস্তান ও পাকিস্তান দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, টেইটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজে দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা যুবায়ের।
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ম্যাচ খেলতে শেষবার তারা ঢাকায় পা রেখেছিল ২০১১ সালে। ওই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
আগামী ৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের লড়াই। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ১১ জুন আর শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৪ জুন। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুদল পাড়ি দেবে চট্টগ্রামের উদ্দেশে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন মুখোমুখি হবে দুদল।
এসকে/টিকে