© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হল্যান্ডকে কিনবেন বলে ঘোষণা রিয়ালের প্রেসিডেন্ট প্রার্থীর, ব্যবস্থা নেবে ম্যানসিটি

শেয়ার করুন:
হল্যান্ডকে কিনবেন বলে ঘোষণা রিয়ালের প্রেসিডেন্ট প্রার্থীর, ব্যবস্থা নেবে ম্যানসিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ০৪ জুন, ২০২৬
৭ জুন হতে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রেসিডেনশিয়াল নির্বাচনে এনরিক রিকুয়েলমে প্রেসিডেন্ট পদপ্রার্থী। ২০০৯ সাল থেকে দায়িত্বে থাকা ফ্লোরেন্তিনো পেরেজকে হারানোর জন্য নির্বাচনী ইশতেহারে আরলিং হল্যান্ডকে কিনতে সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ম্যানচেস্টার সিটি তারকাকে কেনার প্রতিশ্রুতিতে রিকুয়েলমে বলেছেন, ‘আমরা তার (হল্যান্ড) এজেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের তার বর্তমান ক্লাবকে সম্মান করতে হবে, কিন্তু আমি যদি সভাপতি (প্রেসিডেন্ট) হই, তাহলে সে মাদ্রিদের হয়ে খেলবে। তাকে দলে আনার জন্য আমি সম্ভাব্য সবকিছু করব।’

এই মন্তব্য ভালোভাবে নেয়নি সিটি। দলটির এক কর্মকর্তা বলেছেন, তাদের খেলোয়াড়ের পরিচিতি ব্যবহার করার কারণে তারা আইনি ব্যবস্থা নেবেন। ওই কর্তা বলেন, ‘আরলিং হল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে স্পেন থেকে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো সত্য নয়। এ ধরনের কোনো সম্ভাবনাই নেই এবং এটি বাস্তবায়নের জন্য তার চুক্তিতে কোনো ধারাও (ক্লজ) নেই। এই প্রেক্ষাপটে আমাদের খেলোয়াড়ের ছবি/পরিচিতি ব্যবহার করার কারণে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।’

রিকুয়েলমে হল্যান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার সঙ্গে কথা বলার কথা জানালেও পিমেন্তা খবরটিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। তিনি ও হল্যান্ডের পিতা-মাতার দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সবকিছুই বেশ মজার এবং বিনোদনমূলক, কিন্তু সত্য নয়। রিয়াল মাদ্রিদের নির্বাচনে উভয় প্রার্থীর জন্য আমরা শুভকামনা জানাই।’

রিকুয়েলমে শুধু হল্যান্ডকে নয়, ম্যানসিটির আরেক তারকাকে কেনার প্রতিশ্রুতি নিয়েছেন। তার নাম রদ্রি। রিকুয়েলমে বলেন, ‘সে একজন শীর্ষমানের খেলোয়াড়, একজন ব্যালন ডি’অর বিজয়ী। রদ্রি এমন একটি পজিশনে খেলে যেখানে রিয়াল মাদ্রিদের শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। আমি যদি সভাপতি হই, ম্যানচেস্টার সিটির প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, রদ্রি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে।’

তিনি আরও যোগ করেন, ‘ফ্লোরেন্তিনোর মতো আমার কোনো দীর্ঘ সফল রেকর্ড নেই। আমি আগে কখনও সভাপতি ছিলাম না। তাই আমি যে দুইজন খেলোয়াড়ের কথা ঘোষণা করেছি, তাদের ব্যাপারে ব্যক্তিগত নোটারি-সত্যায়িত গ্যারান্টি দিচ্ছি। যদি আমি তাদের আনতে ব্যর্থ হই, তাহলে রিয়াল মাদ্রিদের ১ লাখ সদস্যের বার্ষিক চাঁদার ১০০% আমি নিজে পরিশোধ করব।’

টিকে/

মন্তব্য করুন