পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:৪৯ এএম | ০৫ জুন, ২০২৬
বাস কাউন্টারে যাত্রীদের দুর্ভোগ সামলাতে গিয়ে এক ছাত্রদল নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন এবং অভিযুক্ত ওই নেতাকে গ্রেপ্তারকরেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) রাতে নেত্রকোনার মদন উপজেলার সরকারি কলেজ রোড মোড়ে।
গ্রেপ্তারহওয়া সৈয়দ মিঠু মদন পৌরসদরের ৫নং ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে। তিনি মদনের হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকা থেকে প্রতিদিন চট্টগ্রামগামী বাস চলাচল করে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা টিকিট কাটলেও সময়মতো গাড়ি পাচ্ছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস কাউন্টারের লোকজনের সাথে তাদের বচসা শুরু হয়।
খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। যাত্রীরা প্রশাসনের কাছে নানা হয়রানির অভিযোগ করছিলেন। ঠিক সেই সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে তিনি পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে হাতাহাতি শুরু করেন।
সৈয়দ মিঠুর আঘাতে মদন থানার কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। ঘটনাস্থল থেকেই পুলিশ মিঠুকে গ্রেপ্তারকরে। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, ‘শুনেছি একটি ঝামেলার কারণে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠুকে পুলিশ ধরে নিয়ে গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে গ্রেপ্তারকরা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশের সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’
এমআই/টিএ