জিতলে ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসবেন: কাউন্সিলরদের তামিম
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ০৫ জুন, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রোববার। এর আগে আজ শুক্রবার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থী গ্রান্ড মিট আয়োজন করেন। সেখানে নির্বাচিত হলে কী করবেন সেগুলো জানিয়েছেন, একই সঙ্গে নিজেদের জন্য ভোট চেয়েছেন।
তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও ওল্ড ডিএইচ ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল শুধু ভোট চাননি, কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যান্য বিষয় নিয়ে। তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেটে সম্প্রতি যে সুনামি হয়ে গেছে, সেটা এবার বন্ধ হওয়া দরকার।
এবারের নির্বাচনে যারা অংশ নিচ্ছেন; তাদের মধ্যে সাবেক মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার এবং রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তিও আছেন। তামিমের অনুরোধ, নির্বাচিত হওয়ার পর যখন বিসিবিতে ঢুকবেন তখন ব্যক্তিগত সব পরিচয় যেন পেছনে ফেলে আসেন।

তামিম বলেন, ‘আমরা যারাই সুযোগ পাই না কেন, আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব এবং আশা করব যে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য আমরা যখন মিরপুর স্টেডিয়ামে ঢুকবো ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসবেন। যে মুহূর্তে ওই সিটে আপনারা বসবেন, আপনার লক্ষ্য থাকবে শুধুই বাংলাদেশ ক্রিকেটের সেবা করা। আপনাদের ব্যক্তিগত কি আইডেন্টিটি, এটা ম্যাটার করে না।’
গত প্রায় দুই বছরে বাংলাদেশ ক্রিকেটে অন্তত ৩ জন সভাপতি দেখা গেছে। নানা কারণে ক্রিকেটের উপর নানা ঝড় বয়ে গেছে। তামিম বললেন, এগুলো এবার থামা দরকার। তার কথা, ‘গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট যে ধরনের সুনামির মধ্য দিয়ে গেছে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন। এটা থামতেই হবে। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে এটা থামতেই হবে। এটা আমার জন্য নয়, অন্য কারও জন্যও নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যই থামানো জরুরি। কারণ আমার মনে হয়, ১৮ কোটি মানুষের গর্ব আর আবেগের জায়গা যে ক্রিকেট, সেটাকে এই ধরনের সুনামি থেকে বের করে আনতে হবে। এর একটা শেষ হওয়া দরকার।’
তামিমের আশা নির্বাচন শেষে এটা বন্ধ হবে। বিসিবির এডহক কমিটির সভাপতি বলেন, ‘আমি আশা করি, এই নির্বাচনের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারব। যারা নির্বাচিত হবেন, তাদের নিয়ে সমালোচনা হবে, নানা প্রশ্ন উঠবে, নানা ‘যদি’ ও ‘কিন্তু’ থাকবে। কিন্তু আমি একটা বিষয় বিশ্বাস করি—আপনাদের উদ্দেশ্য ও সদিচ্ছা যদি সঠিক থাকে, আর যদি সত্যিই ভালো কাজ করেন, তাহলে খুব দ্রুতই এসব পরিস্থিতি সামাল দিতে পারবেন। আমি নিজেও সেই বিশ্বাস রাখি।’
এমআর/টিকে