© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের নতুন নাম ‘লা প্লাগা’

শেয়ার করুন:
আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের নতুন নাম ‘লা প্লাগা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ০৫ জুন, ২০২৬
ফুটবল বিশ্বের প্রায় প্রতিটি বড় ক্লাবেরই রয়েছে নিজস্ব সমর্থক গোষ্ঠী, যাদের আলাদা পরিচয় ও সংস্কৃতি সময়ের সঙ্গে হয়ে উঠেছে ক্লাব ইতিহাসের অংশ। তবে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোটি কোটি সমর্থকের কোনো আনুষ্ঠানিক পরিচয় ছিল না। এবার সেই শূন্যতা পূরণে যাত্রা শুরু করেছে ‘লা প্লাগা’।

স্প্যানিশ ভাষায় ‘লা প্লাগা’র অর্থ মহামারি বা ঝাঁক। আর্জেন্টিনার জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান শনাইডারের উদ্যোগে চালু হওয়া এই প্রচারণার লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের একটি একক ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের আওতায় আনা।

এই নাম বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারণ। আর্জেন্টিনা জাতীয় দল মাঠে নামলেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকেরা মুহূর্তেই একত্রিত হয়ে পড়েন। গ্যালারিতে, রাস্তায় কিংবা দূরদেশের কোনো শহরে-আর্জেন্টাইনদের উপস্থিতি যেন হঠাৎ করেই সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই বৈশিষ্ট্যের প্রতিফলন হিসেবেই ‘লা প্লাগা’ নামটি নির্বাচন করা হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো যেকোনো স্থানকে নিজেদের ঘরের মাঠে পরিণত করার ক্ষমতা। পরিচিত সুরের গান, সমবেত কণ্ঠের গর্জন কিংবা একই জার্সির টানে অপরিচিত মানুষের আলিঙ্গন-সবকিছু মিলিয়েই গড়ে উঠেছে আর্জেন্টিনার সমর্থক সংস্কৃতি। নতুন এই উদ্যোগ সেই ঐতিহ্যকেই আরও দৃশ্যমান করার চেষ্টা করছে।

প্রচারণা সম্পর্কে শনাইডারের বিপণন ব্যবস্থাপক মাতিয়াস কানজানি বলেন, আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় শক্তি হলো তারা সর্বত্র উপস্থিত। বিশেষ করে জাতীয় দল মাঠে নামলে তাদের আবেগ ও ঐক্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ‘লা প্লাগা’ সেই সম্মিলিত শক্তি ও উন্মাদনার প্রতীক, যা মাঠের ভেতর এবং বাইরে সমর্থকদের প্রকৃত নায়ক হিসেবে তুলে ধরে।

এই উদ্যোগকে জনপ্রিয় করে তুলতে ইতোমধ্যে বেশ কয়েকটি স্লোগানও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ‘লা প্লাগা যেখানেই থাকে, গর্জন তোলে’, ‘লা প্লাগা সবসময় ঘরের মাঠের মতো খেলে’ এবং ‘লা প্লাগা যেখানে, আলবিসেলেস্তেরা সেখানে’।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে পরপর দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার স্বপ্ন দেখছে লিওনেল স্কালোনির দল। তবে সেই পথে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার বিশ্বজুড়ে কোটি সমর্থকও পরিচিত হবেন নতুন এক নামে-‘লা প্লাগা’।

টিকে/

মন্তব্য করুন