সান মারিনো ম্যাচের একাদশে নেই সামিত
ছবি: সংগৃহীত
১০:৪৭ পিএম | ০৫ জুন, ২০২৬
সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। তেমনি জামাল ভূঁইয়াদের নতুন ফুটবল কোচ থমাস ডুলিরও অভিষেক ম্যাচ আজ (শুক্রবার)। তাই বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচটির একাদশ নিয়ে খানিকটা বেশি আগ্রহ।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে ডাকেননি। এবার তিনি ডাক পেয়েছেন। তবে আজকের একাদশেও মিতুল মারমার উপরই আস্থা রেখেছেন নতুন কোচ। সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মণ ও তারিক কাজী রয়েছেন। দুই ফুলব্যাক হিসেবে কোচ বেছে নিয়েছেন ইসা ফয়সাল ও সাদ উদ্দিনকে। ইসা পরীক্ষিত ডিফেন্ডার হলেও ক্যাবরেরা তাকে সুযোগ দেননি অনেকদিন। লেফটব্যাক হিসেবে আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ বেশ সম্ভাবনাময় হলেও সাদ উদ্দিন আজ একাদশে রয়েছেন।
মিডফিল্ডে রয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে আছেন হামজা চৌধুরি ও সোহেল রানা সিনিয়র। তবে আজকের একাদশে সবচেয়ে বড় চমক কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোমের অনুপস্থিতি। ফিট থাকা সত্ত্বেও কোচ তাকে একাদশেই রাখেননি। ফয়সাল আহমেদ ফাহিম, রফিক ও মোরসালিন ফরোয়ার্ড পজিশনে রয়েছেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক ), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, হামজা চৌধুরি, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম, রফিক ও শেখ মোরসালিন।
এমআর/টিকে