© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে এলে তাকে বেঁধে আমাকে ফোন দেবেন : প্রতিমন্ত্রী পুতুল

শেয়ার করুন:
ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে এলে তাকে বেঁধে আমাকে ফোন দেবেন : প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ০৫ জুন, ২০২৬
বাজারের ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করতে এলে সে যে দলেরই হোক তাকে বেঁধে তাকে ফোন দিতে বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (৫ জুন) রাতে নাটোরের লালপুরে বাজার উন্নয়ন ও আধুনিক ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারের ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করতে এলে সে যে দলেরই হোক তাকে বেঁধে আমাকে ফোন দেবেন। প্রয়োজনে আইনের হাতে তুলে দেবেন। বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই ওয়াশ ব্লক নির্মাণের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষ পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, ‘উন্নত স্যানিটেশন ব্যবস্থা শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বরং একটি এলাকার সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সরকার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাটবাজারে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ, সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, বিলমাডিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, লালপুর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, লালপুর বাজারের দীর্ঘদিনের স্যানিটেশন সমস্যার সমাধানে এই ওয়াশ ব্লক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাজার উন্নয়ন কাজ সম্পন্ন হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নির্মাণাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

টিকে/

মন্তব্য করুন