দেশে ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: ড. জিয়াউদ্দিন
ছবি: সংগৃহীত
০৯:১৭ এএম | ০৬ জুন, ২০২৬
স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগামী কয়েক বছরের মধ্যে দেশে অন্তত ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড বা বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম খোরশেদ’ আয়োজিত ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘এ বিষয়ে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আর্থিক অনুদানও এসেছে। যার প্রেক্ষিতে ইতোমধ্যে একটি হাসপাতাল নির্মাণের কাজও শুরু হয়েছে। সরকারের এই পরিকল্পনার আওতায় উত্তরবঙ্গের নীলফামারীতে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণ করা কারও একার পক্ষে সম্ভব নয়। সরকার, সিটি করপোরেশন, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে অংশীদারিত্বের ভিত্তিতে এক সঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন না হলে মরণব্যাধি ক্যানসারের হার দ্রুত বেড়ে যাবে। হাসপাতালেও রোগীদের জায়গা দেয়া সম্ভব হবে না।’
তাই পরিচ্ছন্ন ও উন্নত নারায়ণগঞ্জ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। নারায়ণগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দেশের অন্যান্য নগরীর জন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন ‘টিম খোরশেদ’-এর কর্ণধার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কর্ণধার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থেকেছে। এরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেএন/টিএ