© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়েবসাইটের ভুলে ‘ফ্রি’তে বিশ্বকাপের টিকিট পেলেন ৬০ ভক্ত!

শেয়ার করুন:
ওয়েবসাইটের ভুলে ‘ফ্রি’তে বিশ্বকাপের টিকিট পেলেন ৬০ ভক্ত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ০৬ জুন, ২০২৬
ফিফার ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে ভুলে বিনা মূল্যে (০ ডলার) ইস্যু হওয়া প্রায় ৬০টি বিশ্বকাপ টিকিট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, চেকআউটের সময় পেমেন্ট সংক্রান্ত ত্রুটির কারণে এই টিকিটগুলো বিনা মূল্যে বরাদ্দ হয়ে গিয়েছিল। গত ২১ মে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে টিকিট বিক্রির সময় এই ঘটনা ঘটে।

অনাকাঙিক্ষত এই ভুলের জন্য ফিফা দুঃখ প্রকাশ করেছে। তবে সংশ্লিষ্ট ভক্তদের জন্য টিকিটগুলো এখনো সংরক্ষিত রাখা হয়েছে। সঠিক মূল্য পরিশোধ করে তাঁরা চাইলে টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

ফিফার বিশ্বকাপ টিকিট বিক্রি নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক চলছে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের সন্দেহে নিউইয়র্ক এবং নিউজার্সির অ্যাটর্নি জেনারেলরা ইতিমধ্যে ফিফার টিকিটিং প্রোগ্রামের তদন্ত শুরু করেছেন। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের ১০৪টি ম্যাচের টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে বলে দাবি করলেও, আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে শুরু হতে যাওয়া এই আসরের টিকিট এখনো বিক্রি হচ্ছে।

এবারের বিশ্বকাপের টিকিটের দাম আগের যেকোনো আসরের চেয়ে বহুগুণ বেশি। ২০১৮ সালে আয়োজক হওয়ার সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো গ্রুপ পর্বের লাখ লাখ টিকিট মাত্র ২১ ডলারে বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ বর্তমানে ফাইনালের প্রথম সারির একটি অফিশিয়াল টিকিট ৩২ হাজার ৯৭০ ডলারে বিক্রি করছে ফিফা। টিকিট বিক্রির এই চড়া মূল্যের কারণ হিসেবে ফিফা দাবি করছে, এর মাধ্যমে অর্জিত বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। আগের আসরগুলোতে স্বাগতিক দেশের স্থানীয় আয়োজক কমিটির মাধ্যমে টিকিট বিক্রি হলেও, এবার ফিফা পুরো প্রক্রিয়াটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

এছাড়া টিকিট কালোবাজারি ঠেকাতে ফিফা এবার নিজস্ব প্ল্যাটফর্মে টিকিট বিক্রি এবং পুনরায় বিক্রির (রিসেল) ব্যবস্থা করেছে। এই প্ল্যাটফর্ম থেকে ক্রেতা ও বিক্রেতা, উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ হারে কমিশন রাখছে সংস্থাটি। নিজস্ব নিয়মে টিকিট বিক্রির এই কড়াকড়ি সত্ত্বেও, গত শুক্রবার সিটগিকের মতো অন্যান্য থার্ড-পার্টি প্ল্যাটফর্মে অনেক ম্যাচের টিকিট বেশ সহজলভ্য অবস্থায় দেখা গেছে।
সূত্র: আলজাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন