© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের ২ কর্মীকে অব্যাহতি

শেয়ার করুন:
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের ২ কর্মীকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৪ পিএম | ০৬ জুন, ২০২৬
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়াবলির পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর পর ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রী চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সংবাদকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।

আদ্-দ্বীন কর্তৃপক্ষের দাবি, কথা-কাটাকাটির একপর্যায়ে একজন সংবাদকর্মী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ছাড়ার অনুরোধ করেন। এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই আদ্-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছিল। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত করে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তবে সামাজিক মর্যাদার স্বার্থে ওই কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন