অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল
ছবি: সংগৃহীত
১০:৩৩ পিএম | ০৬ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় অনিশ্চয়তার অবসান হলো ইরানের। দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ফলে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে দেশটিতে প্রবেশে আর কোনো বাধা থাকছে না তাদের।
শুক্রবার (৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন দেয়া হয়েছে এবং তারা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
বর্তমানে তুরস্কের আনতালিয়ায় প্রস্তুতি ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার আবেদন করেছিল দলটি। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভিসা অনুমোদনের বিষয়টি কার্যত নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘ইরানের জাতীয় ফুটবল দলের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আঙ্কারাস্থ মার্কিন দূতাবাসের কর্মীরা অসাধারণ কাজ করেছেন। খেলাধুলা সীমান্তের গণ্ডি অতিক্রম করে এবং আমরা সারা বিশ্বের খেলোয়াড় ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুধু খেলোয়াড়ই নন; কোচ, ফিটনেস ট্রেইনার এবং সাপোর্ট স্টাফদেরও ভিসা দেয়া হয়েছে। তবে কোনো আবেদন প্রত্যাখ্যাত হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তাদের ধারণা, ভিসাযুক্ত পাসপোর্ট দলটির হাতে আজ বা কালকের মধ্যেই পৌঁছে যাবে।

তবে ইরান দলের ওপর বিশেষ নজরদারির কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত মঙ্গলবার এক শুনানিতে তিনি বলেছিলেন, ‘খেলোয়াড় বা তাদের সহায়ক কর্মীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমরা নিশ্চিত করতে চাই, ক্রীড়ার সঙ্গে সম্পর্কহীন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেন প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত না হন।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে। ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর ২৬ জুন সিটলে গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ মিশর।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি ঘাঁটি পরিবর্তন করা হয়েছে। মূলত টুসনে ক্যাম্প করার কথা থাকলেও দেশটির ফুটবল ফেডারেশনের অনুরোধে সেটি সরিয়ে নেয়া হয়েছে টিজুয়ানাতে। ইতোমধ্যে মেক্সিকোর ভিসাও পেয়েছে দলটি এবং সপ্তাহান্তেই সেখানে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। চলমান উত্তেজনার মধ্যেও ফিফা বারবার জানিয়ে এসেছে, ইরান বিশ্বকাপে পূর্ণাঙ্গভাবে অংশ নেবে।
এর আগে গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির বিশ্বকাপে খেলা ‘উপযুক্ত’ হবে না। তবে ইরান জাতীয় দল তার জবাবে স্পষ্ট করে দেয়, ‘কাউকেই আমাদের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার ক্ষমতা দেয়া হয়নি।’
এর মধ্যেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরান। যুদ্ধ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারি থেকে দেশটির ঘরোয়া ফুটবল কার্যক্রম বন্ধ থাকলেও ঘোষিত স্কোয়াডে রয়েছেন ১৭ জন দেশীয় লিগে খেলা ফুটবলার।
ভিসা ইস্যু নিয়ে ইরানের জন্য জটিলতা নতুন নয়। গত এপ্রিলে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের কানাডার ভিসা বাতিল করা হয়েছিল। কারণ হিসেবে তার অতীতের আইআরজিসি-সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়, যাকে যুক্তরাষ্ট্র ও কানাডা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এসকে/টিকে