১০ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিলেন কিম জং উন!
ছবি: সংগৃহীত
১০:৪২ পিএম | ০৬ জুন, ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগেই উত্তর কোরিয়ার নৌবাহিনীকে ১০ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার নির্মাণ এবং গোপন ডুবো অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
শনিবার (৬ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র 'রোদং সিনমুন' জানিয়েছে, শি জিনপিংয়ের সফরের আগে বিভিন্ন সামরিক ও অস্ত্র নির্মাণ কেন্দ্র পরিদর্শন করছেন কিম।
এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিনি একটি নৌ-মহড়া তদারকি করেন। এ সময় তিনি ৫ হাজার টন ওজনের 'কাং কোন' নামের একটি ডেস্ট্রয়ারে ওঠেন এবং একই ওজনের 'চোয়ি হিয়ন' নামের অপর একটি যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেন। জাহাজ পরিদর্শনের সময় কিমের সঙ্গে তার কিশোরী কন্যা জু আয়ে উপস্থিত ছিল বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে।
এর আগে গত বছর চোংজিন বন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের সময় ৫ হাজার টনের এই ডেস্ট্রয়ারটি আংশিক উল্টে গিয়েছিল। সে সময় অনুষ্ঠানে উপস্থিত কিম ওই দুর্ঘটনাকে 'অমার্জনীয় অপরাধ' হিসেবে আখ্যায়িত করেছিলেন। পরে রাজিন বন্দরে মেরামতের পর পরবর্তী মাসে দ্বিতীয়বার জাহাজটির উদ্বোধন করা হয় এবং এর নাম রাখা হয় 'কাং কোন।
রোদং সিনমুনের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেছেন, পারমাণবিক হামলা ঠেকাতে পিয়ংইয়ংকে অবশ্যই নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। সেই সঙ্গে স্থল, নৌ ও আকাশপথেও সামরিক সক্ষমতা শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার নতুন একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে কিম তার দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপক মাত্রায় বাড়ানোর আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়ার 'ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন'-এর জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উত্তর কোরিয়া এবারই প্রথম ১০ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা জনসমক্ষে প্রকাশ করল। তিনি মনে করেন, শি জিনপিংয়ের সফরের আগে কিম মূলত নিজের দেশের সামরিক সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছেন।
উল্লেখ্য, আগামী ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন শি জিনপিং। গত সাত বছরের মধ্যে চীনা প্রেসিডেন্টের এটি দ্বিতীয় সফর। রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যেই নিজেদের একমাত্র আনুষ্ঠানিক মিত্র দেশটিকে পুনরায় নিজেদের বলয়ে ফেরাতেই শি জিনপিং এই সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এসকে/টিকে