৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫৬ এএম | ০৭ জুন, ২০২৬
তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (৭ জুন) সকালে তিনি ঢাকা ছাড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিন দিনের সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো এই আলোচনায় অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও দুই দেশের অবস্থান ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
কেএন/টিএ