© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি, রোনালদোসহ ১০ খেলোয়াড় হতে পারেন বিশ্বকাপের তুরুপের তাস

শেয়ার করুন:
মেসি, রোনালদোসহ ১০ খেলোয়াড় হতে পারেন বিশ্বকাপের তুরুপের তাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ পিএম | ০৭ জুন, ২০২৬
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে আগামী ১১ জুন থেকে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞে ফুটবলাররা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ জানান দিতে প্রস্তুত। এবার বিশ্বকাপে কারা আলো ছড়াবে, এমন প্রশ্নে সমর্থকদের মধ্যেও চলছে যেমন তর্ক-বিতর্ক, তেমনি যে যার মতো ব্যাখ্যাও দিচ্ছেন।

এরইমধ্যে রোববার (৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের ভূমিকায় কাদের দেখা যাবে। এই তালিকায় যেমন আছে সর্বশেষ বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি, দুর্দান্ত গতির ক্রিশ্চিয়ানো রোনালদো, তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে।

মেসির শিরোপা রক্ষার মিশন



কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ করা মেসি এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। ৩৮ বছর বয়সী এই মহাতারকার ওপরই অনেকাংশে নির্ভর করবে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযান। যদিও বয়স ও ফিটনেসের কারণে তার ভূমিকা আগের তুলনায় কিছুটা সীমিত হতে পারে।

স্পেনের নতুন বিস্ময় লামিন ইয়ামাল



মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে লামিন ইয়ামাল। ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই তরুণ উইঙ্গার এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামবে। তার গতি ও গোল করার ক্ষমতা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে।

এমবাপ্পের সামনে নতুন ইতিহাস



কিলিয়ান এমবাপ্পে ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেনি। তবে গোল্ডেন বুট জিতে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। এবার ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

আর্লিং হালান্ডের প্রথম বিশ্বকাপ



গোলমেশিন খ্যাত নরওয়ের আর্লিং হালান্ড এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে। ইউরোপীয় বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ইতোমধ্যেই প্রতিপক্ষদের জন্য বড় হুমকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ



৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ড গড়া রোনালদোর একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ শিরোপা। তাই পর্তুগালকে নিয়ে শেষবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন তিনি।

ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন



হ্যারি কেইন বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই স্ট্রাইকার এবারও সর্বোচ্চ গোলদাতা হওয়ার অন্যতম দাবিদার। তার নেতৃত্বে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু ভিনিসিয়ুস



ভিনিসিয়ুস জুনিয়র এখন ব্রাজিলের অন্যতম প্রধান তারকা। গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতার কারণে তিনি প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ফরোয়ার্ড।

ঘানার নতুন ভরসা অ্যান্টোইন সেমেনিও



গত মৌসুমে অ্যান্টোইন সেমেনিও‘র ১০ গোল ম্যানচেস্টার সিটির শিরোপা লড়াইয়ে বড় ভূমিকা রাখে। এবারের বিশ্বকাপে ঘানার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। নতুন প্রজন্মের ঘানা দলে তিনি এখন অন্যতম প্রধান তারকা।

তুরস্কের ভবিষ্যৎ নেতা আরদা গুলের



রিয়াল মাদ্রিদের তরুণ উইঙ্গার আরদা গুলের ইতিমধ্যেই ইউরোপের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দ্রুতগতির ড্রিবলিং ও প্লেমেকিং দক্ষতার কারণে তাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। এটি তার প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে যেখানে তিনি বিশ্বমঞ্চে নিজেকে আরও বড় করে তুলে ধরতে প্রস্তুত।

মিশরের শেষ বড় আশা মো সালাহ



মোহাম্মদ সালাহ ক্লাব পর্যায়ে অসংখ্য সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে এখনও বড় কোনো ট্রফি জিততে পারেননি তিনি। ৩৩ বছর বয়সী এই তারকা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাম্প্রতিক ইনজুরির শঙ্কা থাকলেও তিনি দলের নেতৃত্ব দিতে প্রস্তুত।

উল্লেখ্য, বিশ্বকাপ ২০২৬ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি হতে যাচ্ছে মেসি ও রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের মঞ্চ। পাশাপাশি ইয়ামাল, গুলের ও হলান্ড এর মতো নতুন প্রজন্মের তারকারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবে।

এসকে/এসএন

মন্তব্য করুন