সংসদে বাজেট নিয়ে আলোচনা হবে ৪০ ঘণ্টা
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ০৭ জুন, ২০২৬
জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া সাধারণ বাজেট নিয়ে আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি হয়। কমিটির সভাপতি ও সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।
বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সাধারণত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
আগামী ৯ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে প্রস্তাব করা হয় ২৭ থেকে ৩০ জুন- এ চারদিন প্রতিদিন দুই বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৩৭টি প্রশ্নসহ মোট তিন হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। সেই সঙ্গে বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের (বিধি-১৩১)-এ ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে সচিবিক সহায়তা দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএন