বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরান দল
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ০৭ জুন, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কঠোর কূটনৈতিক অবস্থানের কারণে বিশ্বকাপে দেশটিতে অনুষ্ঠিত ম্যাচগুলো খেলতে গিয়ে বিশেষ বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ফুটবলারদের ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে। ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের দেশটি ত্যাগ করতে হবে। ফলে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে কোনো রাত কাটাতে পারবে না ইরান জাতীয় দল।
এ বিষয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ জানিয়েছেন, এই নিয়মের কারণে খেলোয়াড়দের প্রস্তুতি ও বিশ্রামে সমস্যা হতে পারে। দীর্ঘ যাতায়াত তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও প্রয়োজনীয় কর্মকর্তাদের ভিসা দেয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ভিসার অপব্যবহার ঠেকাতেই এই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
এই পরিস্থিতির কারণে ইরান তাদের পরিকল্পিত বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে করতে পারেনি। পরিবর্তে প্রতিবেশী দেশ মেক্সিকো ইরান দলকে বেসক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, ইরান দলকে স্বাগত জানাতে তাদের কোনো আপত্তি নেই। ফলে বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতেই অবস্থান করবে ইরান এবং সেখান থেকে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।
এর আগে ইরান তাদের সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিশেষ এই যাতায়াত ব্যবস্থার মধ্য দিয়েই বিশ্বকাপ খেলতে হবে ইরানকে।
এসএন