বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
ছবি: সংগৃহীত
১১:২২ পিএম | ০৭ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্ক থেকে রাতভর যাত্রা শেষে দলবাহী বিমানটি রবিবার ভোরে শহরটিতে অবতরণ করে।
গত তিন সপ্তাহ ধরে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইরান ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে তাদের নির্ধারিত বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিহুয়ানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
ইরান ফুটবল ফেডারেশনের দাবি, প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্র সব খেলোয়াড়কে ভিসা প্রদান করলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে গিয়ে ম্যাচ খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল ইরান। এর ফলে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও একসময় অনিশ্চয়তা দেখা দেয়। তবে বর্তমান পরিস্থিতিতে সেই জটিলতা অনেকটাই কাটিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম আসর, যেখানে আয়োজক দেশ এমন একটি দলকে আতিথ্য দিচ্ছে, যার সঙ্গে তাদের সরাসরি যুদ্ধাবস্থা চলছে।১৯৩০ সালে বিশ্বকাপের সূচনার পর এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ আগামী বৃহস্পতিবার শুরু হবে এবং ১৯ জুলাই পর্যন্ত চলবে।
‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
এমআর/টিএ