© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

শেয়ার করুন:
মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ এএম | ০৮ জুন, ২০২৬
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পুর্তি উপলক্ষে মালেতে চার জাতির টুর্নামেন্ট চলছে। ফাইনাল খেলতে হলে স্বাগতিক মালদ্বীপকে হারানোর বিকল্প ছিল না। এমন ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আজ দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ২-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ৭ পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের দিকে তাকিয়ে ছিল। বাংলাদেশ মালদ্বীপকে হারালে ৫ পয়েন্টে ফাইনাল খেলত। বাংলাদেশ শেষ পর্যন্ত ড্র করায় আফগানিস্তান পাকিস্তানের মুখোমুখি হবে।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশ জয়ের চেষ্টা করে। ১৩ মিনিটে মালদ্বীপ পেনাল্টি পায়। বক্সের মধ্যে বাংলাদেশের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে মালদ্বীপের ফরোয়ার্ডের পায়ে আঘাত করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণের পক্ষে পেনাল্টি সেভ করা সম্ভব হয়নি।



দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সমতা আনে পেনাল্টিতেই। বাংলাদেশের সংঘবদ্ধ আক্রমণ বক্সের মধ্যে মালদ্বীপের ফুটবলারের হ্যান্ডবল হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মিরাজুল পেনাল্টি থেকে সমতা আনেন। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মালের মাঠ কুরুক্ষেত্রে পরিণত হয়। রেফারির সিদ্ধান্তে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই অখুশি ছিল। একেবারে শেষ মিনিটে এক সিদ্ধান্তে বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়ে। রেফারি বাংলাদেশের টেন্টে থাকা মিরাজুলকে লাল কার্ড দেখান। এতে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে আরেকজন লাল কার্ড দেখেন। বাংলাদেশের কোচিং স্টাফ খেলোয়াড়দের শান্ত করে খেলায় ফিরিয়ে আনেন। এরপর বাংলাদেশের বক্সে মালদ্বীপের ফুটবলাররা অযথা শারীরিক আক্রমণ করেন। এতে দুই দলের ফুটবলাররা মারামারিতে লিপ্ত হয়। গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এতে উত্তেজিত হয়ে পড়েন।

টুর্নামেন্টের অন্য তিন দল সিনিয়র জাতীয় দল খেলিয়েছে। বাংলাদেশ অলিম্পিক দল পাঠিয়েছে। স্বল্প প্রস্তুতি ও অল্প অভিজ্ঞতার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা তিন ম্যাচে এক পয়েন্ট করে আদায় করেছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন