ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল
ছবি: সংগৃহীত
০৯:১৩ এএম | ০৮ জুন, ২০২৬
লেবাননে সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে তারা।
ইরানের এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা চালাতে নিষেধ করেছিলেন। ইরানের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে তার দেশ অনেকটা এগিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আশা করি ইসরায়েল পাল্টা জবাব দেবে না। যদি বিবি (নেতানিয়াহু) পাল্টা আঘাত হানেন, তাহলে গত ৪৭ বছর কিংবা গত ৩ হাজার বছরের মতো সংঘাত চলতেই থাকবে।’
তবে ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করেই ইরানের রাজধানী তেহরান, তাবরিজ, ইসফাহানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাজধানী তেহরানে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যদিও তাৎক্ষণিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছিলেন, ইরান বারবার বলেছে, তারা ‘যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন’ সহ্য করবে না।
তিনি বলেন, ‘আজ রাতে আগ্রাসীরা তাদের জবাব পেয়েছে। এই জবাব তাদের অশুভ কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি সতর্কবার্তা। নতুন কোনও পদক্ষেপ নেয়া হলে তার জবাব হবে আরও কঠোর এবং তার মূল্যও হবে অনেক বেশি।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানাবেন। তবে ট্রাম্পের কথা কানে তোলেননি নেতানিয়াহু। এর ফলে ইরান ইস্যুতে দুই মিত্রর মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়েছে।
এসকে/টিকে