লর্ডসে ইংল্যান্ডের দাপট, নাটকীয় ম্যাচে ১১৫ রানের জয়
ছবি: সংগৃহীত
০৯:২২ এএম | ০৮ জুন, ২০২৬
লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১১৫ রানের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হলেও শেষ পর্যন্ত শক্তিশালী বোলিং ও লড়াকু পারফরম্যান্সে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৫৪ রান, কিন্তু চতুর্থ ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। ফলে ১১৫ রানের বড় জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
লর্ডসের দেড়শ বছরের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। পুরো ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৬৬ ওভার, যেখানে স্বাভাবিকভাবে হওয়ার কথা প্রায় ৪৫০ ওভার।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪০ রানে থেমে গেলেও নিউজিল্যান্ডও ব্যাটিং ব্যর্থতায় ১১৩ রানের বেশি করতে পারেনি। এতে ২৭ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা ২২৬ রান করে নিউজিল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষ হওয়ার আগেই তাদের ৫ উইকেট পড়ে যায়। চতুর্থ দিনে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। কনওয়ে ৪১ রান করে আউট হন। অন্যদিকে ফিলিপস ৪৪ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন গাস অ্যাটকিনসন, যিনি ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এ ছাড়া, অলি রবিনসন ও জশ টাং দুটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জিতে নেন অলি রবিনসন।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক সফরের পর এই জয় ইংল্যান্ডের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। আগামী ১৭ জুন ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং ২৫ জুন ট্রেন্ট ব্রিজে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৪০ (হ্যারি ব্রুক ৫৬; কাইল জেমিসন ৫/৬২)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১১৩ (ওলি রবিনসন ৫/৩৯)
ইংল্যান্ড ২য় ইনিংস: ২২৬ (বেন গে ৫৭; নাথান স্মিথ ৬/৭০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১৩৮ (গ্লেন ফিলিপস ৭৮; গাস অ্যাটকিনসন ৫/৩০)
এসকে/টিকে