© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন ইতিহাস গড়লেন জভেরেভ

শেয়ার করুন:
ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন ইতিহাস গড়লেন জভেরেভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ০৮ জুন, ২০২৬

অবশেষে স্বপ্নপূরণ হলো আলেকজান্ডার জভেরেভের। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জার্মান এই টেনিস তারকা।


রোববার (৭ জুন) ফরাসি ওপেনের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেন তিনি।

চার ঘণ্টা ১৬ মিনিটের ম্যারাথন ম্যাচে জভেরেভ জিতেছেন ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫/৭) ও ৬-১ গেমে। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালে বরিস বেকারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথম কোনও জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন তিনি।

শিরোপা জয়ের পর আবেগঘন কণ্ঠে জভারেভ বলেন, এই কোর্ট আমার জীবনের অনেক স্মৃতির সাক্ষী। এবার শেষটা সুখের হলো।

এর আগে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেও শিরোপার দেখা পাননি জভেরেভ। বিশেষ করে ২০২০ ইউএস ওপেন ও ২০২৪ ফরাসি ওপেনের হতাশা তাকে দীর্ঘদিন তাড়া করেছে। তবে এবার আর ভুল করেননি তিনি।



অন্যদিকে ইতালির তরুণ তারকা ফ্লাভিও কোবোল্লিও দারুণ লড়াই করেছেন। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নেমে তিনি জভেরেভকে কঠিন পরীক্ষায় ফেলেন। ম্যাচ শেষে আবেগাপ্লুত কোবোল্লি বলেন, তোমার জন্য আমি খুশি, কিন্তু আমি খুব কাছাকাছি গিয়েও হারলাম- এটাই কষ্ট।

ম্যাচের শুরুতে কোবোল্লি নার্ভাস ছিলেন। প্রথম সেটে একের পর এক ভুল করে সহজেই হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরান কোবোল্লি। এরপর দুই খেলোয়াড়ের মধ্যে জমে ওঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

চতুর্থ সেটে টাইব্রেকের পর ম্যাচ গড়ায় শিরোপা নির্ধারণী পঞ্চম সেটে। সেখানে অভিজ্ঞতার প্রমাণ দেন জভেরেভ। শুরুতেই ব্রেক আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন এবং শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই জয় নিশ্চিত করেন। শিরোপা জয়ের পর কোর্টে শুয়ে উদযাপন করেন জভেরেভ। আর সেই মুহূর্তেই যেন শেষ হলো তার দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপের গল্প।

এসকে/টিকে

মন্তব্য করুন