শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইনে ১৩৮টি আফটারশক
ছবি: সংগৃহীত
১১:৪৪ এএম | ০৮ জুন, ২০২৬
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের ছয়টি এলাকায় সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিলভোলকস) এ তথ্য জানিয়েছে।
সুনামির ঢেউ রেকর্ড করা এলাকাগুলো মিনদানানওয়ের দক্ষিণ উপকূলে অবস্থিত।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪২ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে এই ঢেউগুলো পর্যবেক্ষণ করা হয়েছে।
রেকর্ড করা ঢেউগুলোর মধ্যে সর্বোচ্চ উচ্চতা ছিল ১.৪ মিটার বা ৪.৬ ফুট।
ফিলভোলকস সাংবাদিকদের জানিয়েছে, ফিলিপাইনের জন্য জারি করা সুনামির সতর্কতা এখনো বহাল রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত মোট ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
এই আফটারশকগুলোর তীব্রতা বা মাত্রা ছিল ১.৩ থেকে ৬.৭- এর মধ্যে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।
তারা ধারণা করছেন, ভূমিকম্পে মোট ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা।
সূত্র: বিবিসি
এসকে/টিকে