ডিএমকে-তৃণমূল ছাড়া গুরুত্বপূর্ণ বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট
ছবি: সংগৃহীত
০১:২২ পিএম | ০৮ জুন, ২০২৬
ভারতের বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়া’ নতুন করে রাজনৈতিক কৌশল নির্ধারণ ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। শুধু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন বা বিজেপির মোকাবেলার কৌশল নয়, জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
জোটের অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে দুটি কারণে। প্রথমত, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দক্ষিণ ভারতের প্রভাবশালী দল ডিএমকের ‘ইন্ডিয়া’ জোট ত্যাগ।
দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, যা বিরোধী রাজনীতির নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
আজকের বৈঠকটি দিল্লির কন্টিনেন্টাল ক্লাবে অনুষ্ঠিত হবে।
এর আগে রাহুল গান্ধী বা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জোটের বৈঠক অনুষ্ঠিত হলেও এবার নিরপেক্ষ স্থান বেছে নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি সহজ হবে না। কংগ্রেস ও ডিএমকের বিচ্ছেদ নিয়ে জোটের শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ডিএমকে এরইমধ্যে স্পষ্ট জানিয়েছে, তারা বৈঠকে অংশ নেবে না এবং ‘ইন্ডিয়া’ জোটের অংশ হিসেবেও আর থাকবে না।
সম্প্রতি তামিলনাড়ু সরকারে অংশীদার হওয়ার বিষয়ে ডিএমকের অনীহার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের জোট ভেঙে দেয় কংগ্রেস। পরে তারা অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরাজয় বিরোধী শিবিরের নেতৃত্ব প্রশ্নে নতুন বাস্তবতা তৈরি করেছে। আগে অনেক দলই কংগ্রেসের বাইরে কোনো নেতার হাতে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব দেখতে চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কংগ্রেসের সমর্থনের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।
আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তাদের নেতাকর্মীদের ওপর কথিত হামলার বিষয়টি উত্থাপন করতে পারে। দলটির নেতা ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সুস্পষ্ট লক্ষ্য ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে বৈঠক হচ্ছে। ‘ইন্ডিয়া’ ঐক্যবদ্ধ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠকের অপেক্ষায় রয়েছে অনেক দল।’
এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) এরই মধ্যে প্রকাশ্যে জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কংগ্রেসের সঙ্গে মতবিরোধ থাকা সত্ত্বেও সিপিএম বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে।
সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়ে রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রতিবাদ জানান, যেখানে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তোলা হয়েছিল।
কংগ্রেসের দাবি, আজকের বৈঠকে ২৩টি রাজনৈতিক দল অংশ নেবে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল এতে উপস্থিত থাকবে।
এদিকে কেন্দ্রীয় সরকার শিগগিরই সংবিধান সংশোধনী সংক্রান্ত দুটি বিল পুনরায় সংসদে উত্থাপন করতে পারে বলে জল্পনা রয়েছে। এর মধ্যে সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) ও নারী সংরক্ষণ বিল উল্লেখযোগ্য। বাজেট অধিবেশনে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সরকার বিল দুটি পাস করাতে ব্যর্থ হয়েছিল।
ধারণা করা হচ্ছে, আজকের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। এর আগে গত এপ্রিল মাসেও একই ইস্যুতে জোটের নেতারা বৈঠকে বসেছিলেন।
সূত্র : এনডিটিভি
এসকে/টিকে