© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে: মিরাজ

শেয়ার করুন:
ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে: মিরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ০৮ জুন, ২০২৬
১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার অস্ট্রেলিয়া যখন এখানে এসেছিল, সেবার পন্টিং-ওয়াটসনরা হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে। তবে তখনকার থেকে এখন বাংলাদেশ দলের অবস্থান অনেকটাই ভিন্ন। বড় বড় দলকে নিজেদের মাঠে এখন বলেকয়েই হারাচ্ছে টাইগাররা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও টাইগারদের ভাবনায় সিরিজ জয়, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল (৮ জুন) বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন কাপ্তান মিরাজ। জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের অবস্থান এবং লক্ষ্যের কথা।

অস্ট্রেলিয়াকে নিয়ে মিরাজ বলেন, ‘চেষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী (দল নিয়ে), সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার-বোলাররা খুব ভালো টাচে আছে, ডিপিএলেও খুব ভালো খেলেছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ...যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে।’

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে ইনজুরির কারণে মিচেল মার্শ ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। ট্রাভিস হেড গেছেন বিশ্রামে। তাদের অনুপস্থিতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে টাইগারদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এসব নিয়ে আলাদা করে ভাবছেন না মিরাজ। নিজেদের জায়গা থেকে সেরা পারফর্ম করেই জিততে চান টাইগার অধিনায়ক।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘মিরাজ আমরা এর আগেই শুনেছিলাম দুজনের না আসার বিষয়টা, কিন্তু কালকে নিশ্চিত হয়েছি। তবুও আমরা দল হিসেবে চিন্তা করছি। ওরা যে দলটা এসেছে, অবশ্যই ওরা অনেক ভালো দল এবং অনেক শক্তিশালী। আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করব। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে এক কথায় উত্তর দিয়েছেন মিরাজ, ‘আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে শেষ মুহূর্তে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। নিজ দেশের বিপক্ষে এই সিরিজে তাসকিন-মোস্তাফিজদের জন্য বেশ উপকারী হয়ে উঠতে পারতেন টেইট। কিন্তু সে সুযোগটা পাননি টাইগার পেসাররা। এটা কতটা প্রভাব ফেলতে পারে, সেই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘ও শেষ মুহূর্তে বলেছে। এটা ক্রিকেট বোর্ড ডিসকাশন করে তার সঙ্গে কথা বলেছে। আমার কাছে মনে হয়, লোকাল যে কোচেরা আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ এবং আমার কাছে মনে হয় লোকাল যারাই আছে, তারাও অনেক যোগ্যতাসম্পন্ন এবং তারা যদি সুযোগটা নিতে পারে, তাদের জন্য অনেক ভালো।’

টিকে/

মন্তব্য করুন