© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

শেয়ার করুন:
পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ পিএম | ০৮ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে।

সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিজাবের বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিশ্বব্যাপী। শুধু শান্তিরক্ষা নয় তারা সফট পাওয়ার হিসেবে কাজ করছে।

শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি তাদের পরিবারের প্রতিও আজ স্মরণ করতে চাই। প্রত্যেকটি পরিবার তাদের বাবা, স্বামী, ভাইকে পাঠিয়ে দিচ্ছেন, তারা ফেরত আসবেন কি না, সেটা তারা জানেন না। কিন্তু সেই দেশপ্রেম থেকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা এই কাজটি করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।

বর্তমান সরকার নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াতে গুরুত্ব দিচ্ছে বলেও জানান শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ সংঘর্ষের পরিবর্তে সংলাপে কাজ করে যাচ্ছে।

টিকে/

মন্তব্য করুন