© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

শেয়ার করুন:
১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ০৮ জুন, ২০২৬
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়ক শক্তি হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, ২০২৫ সালে বিজিবি ও আনসার বাহিনীর মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় এ সমন্বিত নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক ১১ জেলার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যদের এরইমধ্যে মোতায়েন করা হয়েছে।

এছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আশিকউজ্জামান জানান, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

টিকে/

মন্তব্য করুন