বিশ্বকাপে খেলোয়াড়দের মানতে হবে যেসব কড়া নিয়ম
ছবি: সংগৃহীত
০৩:০৪ এএম | ০৯ জুন, ২০২৬
বিশ্বকাপ মানেই শুধু মাঠের ৯০ মিনিটের উত্তেজনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে কঠোর শৃঙ্খলা ও নানা বিধিনিষেধও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের মাঠের ভেতর ও বাইরের আচরণ নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ফিফা, আইএফএবি এবং বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াদা)।
গোল করার পর আবেগে জার্সি খুলে উদ্যাপন করা ফুটবলে পরিচিত দৃশ্য হলেও এবার এমনটা করলে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হবে। একইভাবে অতিরিক্ত সময়ক্ষেপণ, দর্শকদের উসকানি দেওয়া কিংবা মাত্রাতিরিক্ত উদ্যাপনও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে মাঠে আংটি, চেইন, ব্রেসলেটসহ যেকোনো ধরনের গয়না পরা নিষিদ্ধ করা হয়েছে। তবে চিকিৎসক ও রেফারির অনুমোদন সাপেক্ষে ব্যান্ডেজ, ফেস মাস্ক বা অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করা যাবে। এছাড়া জার্সির ভেতরের পোশাক বা গেঞ্জিতে রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত কোনো বার্তা প্রদর্শনেরও অনুমতি নেই।
ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে স্বাভাবিক কথোপকথন করা গেলেও আক্রমণাত্মক আচরণ, গালিগালাজ বা ভয়ভীতি প্রদর্শন করলে হলুদ কিংবা লাল কার্ডের মুখোমুখি হতে হবে। ফাউলের ভান করা বা ডাইভ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও শাস্তি এড়ানোর সুযোগ নেই।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুটি পৃথক ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে। অন্যদিকে লাল কার্ড দেখলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হবে। রেফারির নির্দেশ মানতে দেরি করলে বা গড়িমসি করলে শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে। মাথায় গুরুতর আঘাত পেয়ে কোনো খেলোয়াড় অচেতন হলে চিকিৎসক ও ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ঝুঁকি থাকলে তাকে আর মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে না।
একেএস/ টিএ